সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, আর্থিক ও ভৌত অগ্রগতি সম্পর্কে সভায় বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এছাড়া সভায় সরকারি অর্থায়ন (জিওবি), প্রকল্প সাহায্য এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ মান বজায় রেখে প্রকল্পগুলোর কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা।
উল্লেখ্য, সভায় ঢাকার দপ্তর ও সংস্থার প্রধানরা সরাসরি এবং ঢাকার বাইরের প্রতিনিধিরা জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন। পূর্ববর্তী মাসিক এডিপি পর্যালোচনা সভার কার্যবিবরণী অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও আজকের সভায় পর্যালোচনা করা হয়।