সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘শিক্ষকতা একটা মহান পেশা। যে শিক্ষকরা নিজ কর্মস্থলে বিদ্যালয়ে নিজের ছেলেমেয়েকে পড়াবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই তারেক রহমানের সরকারে একটা শিক্ষার্থী যেন ঝরে না যায়; সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে গুরুত্ব দিয়েছেন। দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা এবং স্কুলগুলোতে আমরা ভোকেশনাল পৌঁছে দেব—দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল ও আলিম ভোকেশনাল দেব। সকল অভিভাবককে বলব, আপনার সন্তান চীন, জাপান, কোরিয়াসহ যে দেশেই যাক, তারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে যাবে; এতে তাঁদের আয় বাড়বে। প্রতিটি ছেলেমেয়ে শিক্ষাজীবনে তিনটি ভাষা শিখবে—বাংলা ও ইংরেজির পাশাপাশি কোরিয়ান, জাপানি, চিনা বা আরবি ভাষার যেকোনো একটি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নির্বাচনী এলাকায় শিক্ষার মানোন্নয়নে সকল দাবি দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে পূরণ করব; তবে আমাকে কথা দিতে হবে, যেসব স্কুল ভবন পাবে, সেসব স্কুল শতভাগ পাসের নিশ্চয়তা দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষার মানোন্নয়নে নজিরবিহীন বাজেট দিয়েছে। অভিভাবকদের সন্তানকে স্কুলে দিলেই হবে না, খেয়াল রাখতে হবে। শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন কি না, বিদ্যালয় পরিচালনা কমিটির পাশাপাশি আপনাদেরও মনিটরিং করতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিজের সন্তানের মতো গুরুত্ব দিয়ে পাঠদান করবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।’
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীসমাজ উপস্থিত থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, তিনি একজন শিক্ষানুরাগী। আমার নির্বাচনী এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব-অভিযোগ যা আছে, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আমার অভিভাবক; অভিভাবকের কাছে কিছু চাইতে হয় না, তিনি তা দেখবেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরীর উল্ল্যাহ ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, আলহাজ আহসান উল্লাহ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন ও বিএনপি নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধীসমাজ, অভিভাবক এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থী।