সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর; নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই।’
শুক্রবার (২০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে, যাতে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা যায়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনতে হবে।’ তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের প্রকৃত চিত্র ইতিমধ্যে দেশ-বিদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে। অতীতে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুললেও তাদের নিজেদের কর্মকাণ্ডেই সেই অভিযোগের বাস্তবতা প্রকাশ পেয়েছে। এ ধরনের নাশকতা চলতে দেওয়া যায় না; অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সিলেটের রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের গোপন ও সন্ত্রাসী কর্মকাণ্ডও সেভাবে প্রতিহত করা হবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।