সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আটমিক ডেজ ফোরাম’-এর মানুষ ও পৃথিবীর জন্য পারমাণবিক শক্তি শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলেক্সি লিখাচেভ বলেন, বিশ্বের প্রতিটি দেশের জন্য পারমাণবিক প্রযুক্তিতে সমান প্রবেশাধিকার নিশ্চিত করা বর্তমান বৈশ্বিক জ্বালানি এজেন্ডার অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও প্রযুক্তিগত অগ্রগতিতে রাশিয়ার অব্যাহত বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ একটি ‘দুই-কম্পোনেন্ট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থা’ প্রতিষ্ঠায় কাজ করছে রাশিয়া।
এই ব্যবস্থায় ক্লোজড নিউক্লিয়ার ফুয়েল সাইকেলের সাথে থার্মাল ও ফাস্ট রিঅ্যাক্টরকে একত্রিত করা হবে জানিয়ে তিনি বলেন, চতুর্থ প্রজন্মের এসব প্রযুক্তি ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বারবার পুনঃপ্রক্রিয়াকরণে সক্ষম হবে, যা পারমাণবিক বর্জ্য হ্রাসে দারুণ ভূমিকা রাখবে। একই সাথে আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিজেদের জ্ঞান, প্রযুক্তি ও সমাধান ভাগ করে নিতে রসাটম প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসলান বায়রাক্তারের সভাপতিত্বে এই অধিবেশনে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সামা বিলবাও ই লিওন এবং কাজাখস্তান, উজবেকিস্তান, ব্রিকস ও হাঙ্গেরির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
অধিবেশনে কাজাখস্তানের পারমাণবিক শক্তি সংস্থার প্রতিনিধি আলমাসাদাম সাতকালিয়েভ তাঁদের দেশে তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, অভ্যন্তরীণ পারমাণবিক দক্ষতা বিকাশ এবং চিকিৎসা ও কৃষিক্ষেত্রে এর প্রয়োগ সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন। উজবেকিস্তানের আজিম আহমেদখাদঝায়েভ পারমাণবিক শক্তিকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন। এ ছাড়া হাঙ্গেরির পাকস-২ লিমিটেডের আতিলা সাগোদ্রি পারমাণবিক শক্তির নিরাপত্তা, সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্যতার ওপর গুরুত্বারোপ করে এর পক্ষে জনসমর্থন বাড়ানোর আহ্বান জানান।