সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

দেনমোহর ছিল মাত্র ২ লাখ টাকা। বিয়ের দিন পরিশোধ হয়েছিল ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। অথচ বিবাহবিচ্ছেদের দিন সাবেক স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার।
২০২২ সালের ৩০ আগস্ট পুলিশ পরিদর্শক মাহবুব আলমের সঙ্গে সাবিহা আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। ওই দিনই মাহবুব আলম সাবিহাকে ৫০ লাখ টাকা দেন। এ টাকা দিতে নিজের এফডিআর ভাঙার পাশাপাশি ধার-কর্জ করতে হয়েছিল বলে জানা গেছে।
তবে টাকা সরাসরি সাবিহার হাতে যায়নি। নগদ অর্থ গ্রহণ করেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম। পরে তিনি নিজ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেন। সেদিনই সেখান থেকে টাকা সাবিহার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখন অর্থের উৎস নিয়ে সাবিহা ও সাইফুলের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এরপর রোববার বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সেখানে তিনি অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের দিন তাঁর মাধ্যমে সাবিহা ৫০ লাখ টাকা গ্রহণ করেন।
বিবাহবিচ্ছেদের কাগজপত্র দেখিয়ে সাইফুল বলেন, ওই দিনই মাহবুব আলমের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। তবে এত বড় অঙ্কের অর্থ নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।
নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে তাঁদের বিয়ে হয়। বিয়ে পড়ান কাজী মো. জিল্লুর রহমান।
নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয় ২ লাখ টাকা। এর মধ্যে স্বর্ণের নাকফুল ও ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধের উল্লেখ রয়েছে। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।
দেনমোহর ২ লাখ টাকা নির্ধারিত থাকার পরও বিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। বিবাহবিচ্ছেদের সময় সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলব না। সময় হলেই সবকিছু জানাব।"