সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

মধ্যরাতে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কার্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামের ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
ইউএনও জানান, বুধবার দিবাগত রাত দেড়টা থেকে পৌনে ২টার দিকে নবনির্মিত অডিটোরিয়ামের পেছন দিকের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়। এ ঘটনায় ভেতরে থাকা দুটি চেয়ার পুড়ে গেছে ও একটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ইউএনও বলেন, তিনজন মুখ বেঁধে অডিটোরিয়ামের জানালার গ্লাস ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনী ফুটেজ সংগ্রহ করে কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ইউএনও অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।