সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আশুলিয়ায় বিএলআরআইয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক মহিউদ্দিন শুভর নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সাভার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জুলকারনাইন, সাভার উপজেলা জাতীয় যুবশক্তির আলামিন, সাভার উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী হাসান মুন্নাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএলআরআইয়ের কর্মকর্তা সাজেদুল সরকার এবং ডিজি শাকিলা পারুলের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সাজেদুল সরকার ১৩৪ কোটি টাকার উটপাখি প্রকল্পে দুর্নীতি করেছেন বলেও অভিযোগ করেন তারা। এসব দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
এদিকে যেকোনো অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।