সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান সদরের কেন্দ্রীয় মন্দিরের আওতাধীন প্রাঙ্গণে এই পূজা শুরু হয়।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি প্রদান, আরতি প্রতিযোগিতা এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন।
পূজা উপলক্ষে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পূজা মণ্ডপে উপস্থিত হয়ে প্রার্থনায় সমবেত হন। এ সময় সকলে জগতের সুখ-শান্তি প্রত্যাশার পাশাপাশি নিজ নিজ মনোবাসনা পূর্ণ করার জন্য জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করেন।
জগদ্ধাত্রী পূজা মূলত দুর্গা পূজারই আরেক রূপ। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা পালন করেন। একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হয়। দুর্গা পূজার পরপরই সনাতন সম্প্রদায় এই পূজার আয়োজন করে।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দশমী পূজা শেষে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
আগামী শুক্রবার (২০ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।