সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

নোয়াখালীতে শিশু নূহা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী এবং ছাত্র-জনতা। নূহা হত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন চরমটুয়াবাসী।
সোমবার (১৬ নভেম্বর) চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটে ছাত্র, জনতা ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দীন আহম্মেদ চৌধুরী দুলালের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়, গত ৯ নভেম্বর মাদ্রাসা থেকে বের হওয়ার সময় হারিয়ে যায় ৭ বছরের শিশু তাইফা ইনহাম নূহা। হারিয়ে যাওয়ার ১০ মিনিট পর মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত একটি নির্মাণাধীন ভবনে তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়নি এবং হত্যাকারীদেরও গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর পুলিশ নূহার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত নূহা ১নং চরমটুয়া ইউনিয়নের ইকবাল হোসেন সুমনের মেয়ে। সে ওই ইউনিয়নের মুহাতাপুর নূরানী তালিমূল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।