সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

দেশজুড়ে কথিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং কৃষকদল নেতা শাহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে জেলা জাসাসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শহরের পোস্ট অফিস মোড়ে জড়ো হন জেলা ও বিভিন্ন উপজেলার জাসাস নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক কর্মী। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
সমাবেশে বক্তারা সোহেল মোল্লা ও শাহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁদের মতে, একজন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীকে এভাবে হত্যা করা কেবল ব্যক্তি বা পরিবারের ওপর আঘাত নয়, বরং এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা দাবি করেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সুপরিকল্পিতভাবে তা ঘটানো হয়েছে।
বক্তব্যে আরও উঠে আসে কঠোর হুঁশিয়ারি। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় সারাদেশে জাসাস আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সমাবেশ থেকে ‘ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবে না’ এবং ‘কালচারাল ফ্যাসিস্টদের রুখে দেওয়ার এখনই সময়’—এমন স্লোগান ওঠে।
ঝিনাইদহ জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটনের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসাস নেতা জাহিদ হাসান, মোল্লা রাজা, সেলিম, সাইদুজ্জামান সাঈদ, মীর আলমগীর হোসেন, রিপন, মাহবুব, জাহিদ হোসেন এবং শিল্পী মিন্টু প্রমুখ।
বক্তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, শোক আর দ্রুত বিচারের দাবি। সমাবেশ শেষে নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।