সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

ফরিদপুরের বোয়ালমারীতে ফাহিমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, স্বামীর সঙ্গে ফোনালাপের পর তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, স্বামীর ডিভোর্সের হুমকির কারণে অভিমান করে আত্মহত্যা করেছেন ফাহিমা।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর (চরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা উমরনগর গ্রামের ইলিয়াস মোল্যার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর মোবাইলের মাধ্যমে চট্টগ্রামের বাসিন্দা আরিয়ান রহমান মুজিবের সঙ্গে ফাহিমার পরিচয় ও বিয়ে হয়। তবে আরিয়ানের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় ফাহিমাকে বাবার বাড়িতে রেখে যান তিনি। পরে ফাহিমাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন না হওয়ায় তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
নিহতের পরিবারের দাবি, ঘটনার দিন দুপুরে মোবাইল ফোনে (হোয়াটসঅ্যাপে) স্বামীর সঙ্গে কথা বলার সময় আরিয়ান তাঁকে ডিভোর্সের হুমকি দেন। এতে মানসিক কষ্ট থেকে ফাহিমা আত্মহত্যা করেছেন বলে তাঁদের অভিযোগ।
পুলিশ জানায়, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে ফাহিমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।