সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে এবং ছিপের টানে এক অপূর্ব মিলনমেলায় মিলিত হলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সৌখিন মৎস্য শিকারীরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দাপুনিয়া মন্ডল ফিশ ফার্মে অনুষ্ঠিত হলো টিকা গোল্ডেন রিল ফিশিং চ্যাম্পিয়নশিপ। শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এই ব্যতিক্রমী মৎস্য শিকার প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী হুইল বরশি (রিল ফিশিং) দিয়ে মাছ শিকারে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রায় ১৫০ জন সৌখিন ও পেশাদার মৎস্য শিকারী। শীতের আমেজে গ্রামীণ পরিবেশ আর জলের ছলাকলায় মুখরিত হয়ে ওঠে পুরো ফিশ ফার্ম চত্বর।
আয়োজকদের সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতায় অংশ নিতে পাবনা জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের সৌখিন মৎস্য শিকারীরা এসেছেন। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছিপ ফেলে বড় মাছ ধরার রোমাঞ্চকর এই লড়াই দেখতে ভিড় জমান স্থানীয় মৎস্যপ্রেমী ও দর্শনার্থীরাও।
শুধু প্রতিযোগিতা করাই নয়, এই আয়োজনটি মৎস্য শিকারীদের মাঝে এক সেতুবন্ধন তৈরি করেছে। একই সুতোয় গেঁথেছে দেশের নানা প্রান্তের মানুষকে। মাছ শিকারের পাশাপাশি একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, আনন্দ ভাগাভাগি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই দিনটি উপভোগ করেন।
আয়োজক 'টিকা গোল্ডেন রিল ফিসিং চ্যাম্পিয়নশিপ'-এর পক্ষ থেকে জানানো হয়, সৌখিন মৎস্য শিকারকে একটি সুন্দর শখ ও খেলা হিসেবে জনপ্রিয় করে তুলতে এবং মৎস্যপ্রেমীদের এক প্ল্যাটফর্মে এনে আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ভবিষ্যতে এমন আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঢাকা থেকে আসা ব্যবসায়ী ও সৌখিন মৎস্য শিকারী রেজাউল করিম জানান, ফিশিং গ্রুপের মাধ্যমে জানতে পেরে ১৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন তিনি। তিনি জানান, এখানে যে যত বড় মাছ শিকার করবে সেই প্রথম পুরস্কার পাবে। এখানে মাছ শিকার করতে পেরে খুব আনন্দিত বলে জানান তিনি।
টাঙ্গাইল থেকে আসা এতেশামুল জানান, মাছ শিকারের কথা জানতে পেরে টাঙ্গাইল থেকে এসেছেন তিনি। তিনি জানান, আজকের খেলার নিয়ম অনুযায়ী মাছ শিকার করে ওজন মেপে আবার পুকুরে মাছ ছেড়ে দিতে হবে। এর মধ্যে যে সবচেয়ে বেশি ওজনের কয়েকটি প্রজাতির মাছ শিকার করবে সে-ই প্রথম বিজয়ী হবে।
খুলনার মিঠুন ও কাজী জহির জানান, দেশের বিভিন্ন জায়গায় মাছ শিকার করে থাকেন তাঁরা। সকাল থেকে দুপুর পর্যন্ত ২ কেজি ও ৩ কেজি ওজনের দুইটা কাতল মাছ শিকার করেছেন তাঁরা। এমন আয়োজনে আসতে পেরে বেশ আনন্দিত তারা।
এ বিষয়ে খামারের উদ্যোক্তা আলী আব্বাস মন্ডল বলেন, একসময় তিনিও মজেছিলেন মাছ ধরার নেশায়। থাইল্যান্ডে গিয়ে শৌখিন মৎস্য শিকারের আধুনিক বিনোদনকেন্দ্র দেখে অনুপ্রাণিত হয়ে ২০১০ সালে নিজ গ্রামেই গড়ে তোলেন বিনোদনভিত্তিক মাছ শিকারের এই ব্যতিক্রমী খামার। প্রতি মাসেই তাঁর ফার্মে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বড় বড় মাছ ধরে মানুষ যখন আনন্দ পান, তাতেই তাঁর যত সার্থকতা।
আলী আব্বাস আরও যোগ করেন, তাঁর এই বিশাল পুকুরে তিন কেজি থেকে শুরু করে এক মণ ওজনেরও মাছ রয়েছে। কখনোই তিনি জাল টেনে এ পুকুরের মাছ বিক্রি করেননি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানে আবাসন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের মাছ শিকারভিত্তিক বিনোদনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।
এসময় প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে তিন প্রজাতির বড় তিনটি মাছ শিকার করায় প্রথম বিজয়ী হন পাবনার বিদ্যুৎ নামের এক সৌখিন মৎস্য শিকারী। পরে তাঁর হাতে গোল্ডেন হুইল বরশি তুলে দেন আয়োজকরা।