সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

‘কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয়, বোন যেন ভাইকে না হারায় এবং স্বজন হারানোর বেদনা নিয়ে যেন কাউকে কষ্টের জীবন বয়ে বেড়াতে না হয়—সেই সহনশীলতা নিয়ে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারতে এসে শুক্রবার (২০ নভেম্বর) সকালে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তপাত ছাড়া যারা শান্তিতে থাকতে পারে না, তারা বিদেশে পালিয়ে থেকে মানুষ খুন করে তাদের রক্তের তৃষ্ণা মেটাচ্ছে। পালিয়ে থেকে তাদের রক্তপিপাসা তীব্র হয়েছে, তাই তারা এখনো এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।’
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারতে এসে তিনি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এদিন সকালে নড়াইলের কালিয়া উপজেলা শহরের চাঁদপুর ও ছোট কালিয়া এলাকায় নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতদের বাড়িতে যান, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং খুনিদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে রিজভী আরও বলেন, ‘পলাতক স্বৈরাচাররা দেশের শান্তি ও গণতন্ত্র নষ্ট করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা গণতন্ত্র নস্যাৎ করতে মানুষ খুনের মতো জঘন্য পথ বেছে নিয়েছে। গণতন্ত্র বিনষ্টের জন্য তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন ও শাহরিয়ার রিজভী জর্জসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদল আয়োজিত মোটরসাইকেল মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় আহত উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। এদিন বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জেলা বিএনপির কার্যালয়ে এবং জেলা পরিষদের হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেন।