সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে গত ২১ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাঁকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। দলীয় এ সিদ্ধান্তের খবরে নড়াইলে তাঁর অনুসারী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন মনিরুল ইসলাম। দলীয় সিদ্ধান্তের বাইরে নীতি ও আদর্শ পরিপন্থী এ কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ মাস পর কেন্দ্রীয়ভাবে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
মনিরুল ইসলামের পুনর্বহালের খবরে তাঁর সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা নড়াইল জেলা বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
পুনর্বহালের পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম বলেন, "দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছিলাম। ভবিষ্যতে এমন ভুল আর করব না।" দৃঢ়তার সাথে দলের শীর্ষ নেতা তারেক রহমানের সকল নির্দেশ পালনসহ দলীয় হাইকমান্ডের দেওয়া সকল দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসা এই নেতা বিপুল ভোটের ব্যবধানে নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে পূর্ণ মেয়াদ অতিবাহিত করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করেছেন।
তিনি জানান, শুধু বিএনপি করার কারণে তিনি ২ ডজন মামলার আসামি হয়েছেন এবং অসংখ্যবার কারাবরণ করেছেন। অন্তত ১০ বার তাঁর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিগত ১৭ বছর চরমভাবে নির্যাতিত হয়েছেন। ভোটের মাঠে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ জনপ্রিয়তা ধরে রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন এবং জীবনের সর্বোচ্চটা দিয়ে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করবেন।