সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে।
সম্প্রতি 'প্রতিদিনের কণ্ঠস্বর' নামক একটি তথাকথিত নিবন্ধনহীন ফেসবুক পেজ থেকে ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়েছে, মাদক ব্যবসায়ীদের সাথে ওসি আতিকুর রহমানের সমন্বয় বা সম্পর্ক রয়েছে। তবে উক্ত ফেসবুক পেজটি তাদের এই দাবির স্বপক্ষে কোনো ধরনের ভিডিও ফুটেজ, স্থিরচিত্র কিংবা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইপিজেড থানার ওসি আতিকুর রহমান প্রকাশিত ওই পোস্টটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ওসি আতিকুর রহমান বলেন, "আমার থানা এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে খোঁজখবর নিয়ে দেখুন আমি ব্যক্তিটা কেমন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছি এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিই না। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে; আমি এতে অত্যন্ত মর্মাহত।"
এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তাঁরা সংবাদমাধ্যমকে বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ওসি আতিকুর রহমানের সুনাম ক্ষুণ্ণ করতে এবং চলমান মাদকবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করতে নিবন্ধনহীন একটি ফেসবুক পেজ থেকে এমন অপপ্রচার চালাচ্ছে। ওসি আতিকুর রহমানের সম্মান নষ্ট করার জন্যই এই গুজব ছড়ানো হচ্ছে বলে জানান স্থানীয়রা।