সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

রাজশাহীর দুর্গম সীমান্তে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ইউসুফপুর, তালাইমারী, চরমাজারদিয়া, আলাইপুর, বিদিরপুর, সাহেবনগর, রাজাবাড়ী চেকপোস্ট এবং শাহাপুর বিওপির দায়িত্বপূর্ণ পদ্মার মিডিলচর, মাদ্রাসামোড়, বরেন্দ্র, পল্টন, শাহাপুর মধ্যপাড়া ও কান্দিপাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১ হাজার ৯২ পিস, ভারতীয় মদ ১৩৭ বোতল, ভারতীয় এসকাফ সিরাপ ৭৫ বোতল। এছাড়া ইলেকট্রিক রেজিস্টেন্স ১০ হাজার পিস ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
জড়িত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।