সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও কথিত নাশকতামূলক তৎপরতার প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন ও খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না; কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন।