সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

রাজশাহীর মোহনপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে থেকে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের আবাদ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে ৫০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। পেঁয়াজ সংরক্ষণব্যবস্থা উন্নত করা এবং সংরক্ষণকালীন ক্ষতি কমাতে এসব মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব অর রশিদ, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল হোসেন।