সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করলো ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়ে অবশেষে রাজধানীর সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কে যুক্ত হলো জেলাটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের নতুন দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী পাবনার অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, মনোরম এই বিকেলে নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাত্রা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর আস্থা রেখেছেন, তাই পাবনাবাসীর ন্যায্য দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার।
স্থানীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের উন্নয়ন তৎপরতার প্রশংসা করে মন্ত্রী আরও জানান, পাবনার সামগ্রিক উন্নয়নে ৯ হাজার কোটি টাকার প্রকল্প এবং বিশেষ করে বহুল প্রতীক্ষিত ওয়াই-টাইপ সেতু নির্মাণের জোর দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এই সেতু নির্মাণের বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও এতে অর্থায়নে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের রেল খাতের আধুনিকায়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সরকার পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগকে নতুনভাবে সাজাচ্ছে। এর অংশ হিসেবে টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের আরও ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতিসন্তান মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আবু আশরাফসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশেষ ট্রেনটি পাবনা ছেড়ে কেবল ঈশ্বরদী স্টেশনে বিরতি দিয়ে ঢাকার পথে রওনা দেয়। তবে শুক্রবার (২০ নভেম্বর) থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নিয়মিত যাত্রাপথে ট্রেনগুলো ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর—এই আটটি স্টেশনে যাত্রাবিরতি করবে।
পশ্চিমাঞ্চলীয় পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, আধুনিক কোচসমৃদ্ধ এই ট্রেনে ঢাকা-পাবনা রুটে মোট ৮৫২টি আসন রয়েছে, যার মধ্যে পাবনা জেলার যাত্রীদের জন্যই বরাদ্দ রাখা হয়েছে ৭৫২টি আসন। স্টেশনভিত্তিক আসন বিন্যাস অনুযায়ী—পাবনা স্টেশন: ২৪টি এসি কেবিন, ৭০টি এসি চেয়ার ও ৩৫৮টি শোভন চেয়ার; ঈশ্বরদী স্টেশন: ১২টি এসি কেবিন, ৬০টি এসি চেয়ার ও ১৮৪টি শোভন চেয়ার এবং চাটমোহর স্টেশন: ৪টি এসি কেবিন, ১০টি এসি চেয়ার ও ৩০টি শোভন চেয়ার।