সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল জালিয়াতি যেন থামছেই না। কখনো ১০ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানো, কখনো একাধিক বিষয়ে ফেল করেও জিপিএ-৫ পাওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক মামলা ও তদন্ত কমিটির পরও বন্ধ হচ্ছে না অনিয়ম। প্রশ্ন উঠেছে, বোর্ডের ভেতরে থাকা প্রকৃত অপরাধীরা কি বারবারই আড়ালে থেকে যাচ্ছেন?
সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, ১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর বাড়িয়ে ফল পরিবর্তন করা হয়েছে। তবে ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করায় প্রশ্ন উঠেছে তাঁদের ভূমিকা নিয়ে।
এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলার তদন্ত ও পুলিশের অভিযোগপত্র নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তিন দফা তদন্তের পরও ১২টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের আবেদনকারীকে শনাক্ত করা যায়নি। ফলাফল পরিবর্তনের কারিগরি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও পুরো চিত্র স্পষ্ট হয়নি।
এমন পরিস্থিতিতে নতুন মামলাগুলোর তদন্ত অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আদেশ পাওয়া যায়নি। পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তাও বলেছেন, এ ধরনের কোনো কাগজ তিনি পাননি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিআইডির মতো বিশেষায়িত সংস্থার তদন্তে ডিজিটাল আলামত বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে নগরের পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। এজাহার অনুযায়ী, শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল অংশের নম্বর বাড়ানো হয়েছে। বাংলার প্রথম পত্রে ২৩ থেকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪ থেকে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে ৮৩, দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২, গণিতে ৯ থেকে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪, উচ্চতর গণিতে শূন্য থেকে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫, রসায়নে ১ থেকে ৪৬, জীববিজ্ঞানে ১ থেকে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীর ইন্ধনে কম্পিউটার সেলের তিন কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নম্বর পরিবর্তনের অভিযোগ আনা হয়। আসামিরা হলেন স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মো. রাশেদুল ইসলাম, কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান এবং ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী।
অন্য একটি শিক্ষা বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি করা হয়নি কেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার মূল ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকেন। অথচ যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাদ দিয়ে শুধু দৈনিক কর্মচারীদের আসামি করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটি যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সম্ভবত সে কারণেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের তৎকালীন এক কর্মকর্তার ছেলে নক্ষত্র দেবনাথের ফল জালিয়াতির অভিযোগে মামলা হয়। মামলায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও কিবরিয়া মাসুদ খান কারাগারেও যান। তবে পুলিশের অভিযোগপত্রে কোন কম্পিউটার, ইউজার আইডি বা আইপি অ্যাড্রেস ব্যবহার করে তথ্য পরিবর্তন করা হয়েছে, সার্ভার লগে কী পাওয়া গেছে—এসব বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি তথ্যের ঘাটতি রয়েছে বলে নথি পর্যালোচনায় প্রশ্ন উঠেছে। তিন দফা তদন্তের পরও নক্ষত্রের ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদনকারী কে ছিলেন, তা অজ্ঞাতই রয়ে গেছে।
সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম বলেন, দীর্ঘদিন ধরে এক ধরনের বিচারহীনতা চলছে। জবাবদিহি নেই। শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন দুর্নীতি রোধ করা না যাবে, ততদিন শিক্ষা ব্যবস্থার এই অনিয়ম রয়ে যাবে।
চট্টগ্রামবাসীর প্রত্যাশা, সিআইডি তদন্তের দায়িত্ব পেলে শুধু সামনে থাকা কয়েকজন কর্মচারী নয়, ফল জালিয়াতির পুরো চক্রের মুখোশ উন্মোচন করবে। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলে একের পর এক মামলা করেও শিক্ষা বোর্ডের প্রতি মানুষের আস্থা ফেরানো কঠিন হবে।