সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস নোটে জানানো হয়, ১৭ নভেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর ও চরমাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেট নিজ দায়িত্বপূর্ণ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ১৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপির আভিযানিক দল চারঘাট থানাধীন মুক্তারপুর বালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে। জব্দকৃত মদ চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।