সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকায় বসবাসরত যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের আয়োজনে যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণের সমাপনী দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই-এর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি প্রশিক্ষণার্থীদের এই কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীতে আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় মেরামত এবং যানবাহনের নিরাপদ ও সঠিক ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি জ্ঞান এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেছেন।
অর্জিত এই দক্ষতা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে আত্মনির্ভরশীল হতে সহায়তা করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, অকাল বিকল হওয়া প্রতিরোধ, মেরামত ব্যয় হ্রাস এবং কার্যক্ষমতা বজায় রাখার ক্ষেত্রেও এ প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখবে। বিশেষ করে পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের এই উদ্যোগ বেকারত্ব হ্রাস এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।