সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনাসহ বসতবাড়ির জায়গা জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ওই বাড়িতে বসবাসকারীদের নানাভাবে হুমকিধামকি দেওয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর।
আদালতে দায়েরকৃত মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, বালুচর মহল্লার মৃত মিয়া আতাহার আলীর ছেলে শামসুজ্জোহা তার ভাইবোনদেরকে সাথে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শামসুজ্জোহা পার্শ্ববর্তী ভাংগুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের মিনা পারভীনকে বিয়ে করেন। এই দম্পতি নিঃসন্তান ছিলেন। শামসুজ্জোহা তার স্ত্রীর চাপে বসতবাড়ির ৪ শতাংশ জমি স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু বিষয়টি তার ভাইবোনদের জানানো হয়নি।
শামসুজ্জোহার মৃত্যুর পর মিনা পারভীন পুনরায় অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। একপর্যায়ে তিনি তার পূর্বের স্বামীর দেওয়া ৪ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। বিষয়টি জানার পর মৃত শামসুজ্জোহার অপর দুই ভাই মাসুদ রানা ও ফারুক আহমেদ ওই ৪ শতাংশ জমি নিজেরাই কিনে নেবেন বলে মিনাকে প্রস্তাব দেন। কিন্তু মিনা পারভীন এ প্রস্তাব না মেনে গোপনে অন্যজনের কাছে জমি বিক্রি করে দেন। শামসুজ্জোহার ভাই ফারুক বারবার চেষ্টা করেও মিনা পারভীনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। এর মধ্যে মিনা পারভীন মাঝেমধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মাসুদ ও ফারুকের পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
নিরুপায় হয়ে ফারুক আহমেদ গত ২১ জুলাই পাবনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মিনা পারভীনের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা করেন। মামলা নম্বর ১৬৮/২০২৬। আদালত গত ২৭ আগস্ট ওই জমির ওপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপর সার্বিক বিবেচনায় দ্বিতীয় দফায় ১৬ নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থার নির্দেশ জারি করেন আদালত।
কিন্তু মিনা পারভীন কোনো কিছুর তোয়াক্কা না করে মামলা চলা অবস্থায় গত ২৪ আগস্ট বালুচর মহল্লার জনৈক সোহেল রানার কাছে ৪ শতক জমি বিক্রি করে দেন। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মিনা গং বাড়ি জবরদখলের অপচেষ্টা করছেন বলেও অভিযোগ ফারুক আহমেদের।
এ বিষয়ে ভুক্তভোগী ফারুক আহমেদ বলেন, ‘বিরোধপূর্ণ বসতবাড়ির ওই দাগে জমি আছে ২৬ শতক। আমরা চার ভাই, দুই বোন। বোনদের সাথে আপস করে তাদের অন্য জায়গা থেকে জমি দিয়েছি। বসতবাড়ির ২৬ শতক জমি আমরা চার ভাই অংশীদার। এমন অবস্থায় আমার ভাই শামসুজ্জোহা বেঁচে থাকতে গোপনে তার স্ত্রীর নামে ৪ শতক জমি লিখে দেন।’
তিনি আরও জানান, ‘চাকরির সুবাদে আমরা এলাকার বাইরে থাকি। তারপরও জমি না কেনার জন্য সোহেল রানাকে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি তা শোনেননি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জমি কিনে নেন। এখন আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে মিনা পারভীন জমিতো বিক্রি করেছেনই, উল্টো ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে বসতবাড়ির এই জায়গা জবরদখলের অপচেষ্টা করছেন। বাড়িতে থাকা আমাদের পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
এমন পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা চেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৮ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক আহমেদ।
অভিযোগের বিষয়ে মিনা পারভীন বলেন, ‘আমার স্বামী বেঁচে থাকতে তাদের ভাইবোনদের নিয়ে সকল জমি বন্টননামা রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করে গেছেন। আমার নামে যে ৪ শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছেন আমি শুধু সেইটুকু বিক্রি করেছি। তারা আদালতে মামলা করার কয়েকদিন আগে জমি রেজিস্ট্রি হয়েছে। যেসব অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তো এখানে থাকি না, রাজশাহীতে থাকি। আমি কিভাবে তাদের হুমকিধামকি দেবো? এসব তাদের মিথ্যা ও সাজানো কথা।’
জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এখানে আদালতের কি নিষেধাজ্ঞা আছে, কি নির্দেশনা আছে, সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে সরেজমিন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’