সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় ভর্তির খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকা ৭ জন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন নওগাঁর ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওশাদ হোসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষের অফিস কক্ষে তাঁর পক্ষ থেকে ডিগ্রি পাস (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির জন্য এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
পড়াশোনার খরচ মেটাতে গিয়ে যেন কোনো মেধাবী শিক্ষার্থী মাঝপথে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, এর আগেও তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে এমন আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছেন।
এই সহায়তার আওতায় এবার মোট ৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা করে সর্বমোট ১৪ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মো. তৌফিক, মো. তানজিমুল, মো. হৃদয় বাবু, মোছা. আখিঁরা, মো. আতিকুর রহমান, মো. আল-আমিন ও মো. দেলোয়ার।
ভর্তির সময় হাতে এই আর্থিক সহযোগিতা পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে এবং তাঁদের মাঝে ফিরে এসেছে নতুন স্বস্তি। শিক্ষকের এমন আন্তরিক ও ধারাবাহিক মানবিক সহায়তায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার নতুন প্রেরণা পেয়েছে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।