সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বান্দরবানের দুর্গম রুমা উপজেলার পাহাড়ি এলাকায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশিসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
আটক ছয় বাংলাদেশি হলেন—ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্তগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)। আটক অপর দুজন হলেন স্থানীয় বাসিন্দা লংওয়াং মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০)।
বিজিবি জানায়, ১৫ নভেম্বর রাতে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীনস্থ দোপানীছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্তবর্তী স্থানে শূন্য লাইন হতে ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি চৌকস টহলদল কর্তৃক ৮ জন আটক হন। আটককৃতদের মধ্যে দুজন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য রয়েছেন।
আটককৃত ব্যক্তিদের নিকট হতে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জামাদি, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় তাঁবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার আরও জানান, বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ব্যতীত আন্তর্জাতিক সীমান্তের এত সন্নিকটে উপস্থিত হওয়া অত্যন্ত সন্দেহজনক। বাংলাদেশের পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ৩ অনুচ্ছেদের পরিপন্থী ও উক্ত আদেশের ১১(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় তাদেরকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তদন্ত ও তদানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশের নিকট তাদের হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রেস কনফারেন্স পরিচালনা করেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক ক্যাপ্টেন নূর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারী সহকারী পরিচালক সরোজ কুমার সাহা।