সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি), ফার্মেন্টেড মিল্ক (দই) ও ডেকোরেটেড কেক’ বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসংবলিত লেবেল না থাকায় দুর্গাপুর বাজারে অবস্থিত আসিফ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, শাকিল মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, দুর্গাপুর মিষ্টি বাড়ীকে ৫ হাজার টাকা এবং দুর্গাপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি ‘চকলেট, লজেন্স, শ্যাম্পু, লোশন, স্কিন ক্রিম প্রভৃতি’ বিক্রি করায় মেডিকেল মোড়ে অবস্থিত নিশাত গিফট কর্ণার প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।