সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল এবং নিক্ষেপ করা পেট্রোল বোমার ভাঙা কাচ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সেখানে ঝটিকা মিছিল করে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার চেষ্টার অভিযোগে প্রথমে বিপ্লব চৌধুরী ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ইফতি, আসিফ আহমেদ (আশিক) ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), ৮ নম্বর মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৪), জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপ-সম্পাদক আসিফ আহমেদ (২১) এবং কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।