সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.
সংবাদ প্রস্তুত হচ্ছে। Loading the latest stories.

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কসংলগ্ন ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে গড়গড়িয়া, মাস্টারবাড়ী ও ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় মহাসড়কের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। পাশাপাশি মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানেও অবরোধ করেন তাঁরা। এ সময় আতঙ্কে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলার পর বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা মদিনা স্পিনিং কারখানার সামনে শ্রমিকরা আবারও অবরোধ করেন। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, সকালে মহাসড়কসংলগ্ন কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত শ্রমিকরা মক্কা-মদিনা স্পিনিং মিলের প্রধান ফটক ভাঙচুর করেন।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নেওয়াজ শিশিরের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সকাল থেকেই কয়েকটি স্থানে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম বলেন, শ্রীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে অবরোধ করার চেষ্টা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।